শৈল্পিক সম্প্রচার দৈনিক ম্যাগাজিন ০৫


 


আঠারোর ভম্বল 
               - অজিত কুমার জানা 


পথ ভেঙে নেমে গেছে,
মিথ্যার নিবিড় জঙ্গলে।
চারাগাছ বাতাস খুঁজে,
সততার বার্ধক্য ভিক্ষার কবলে।।

চৌদিকে অস্থিরতার উন্নত বীজ,
গড়িয়ে চলে বল।
মানুষের হাতে মানুষের স্বাধীনতা, 
ন্যায়ধর্ম অপুষ্টি রোগে দূর্বল।।

রক্ষকের প্রাঙ্গনে গাঢ় অন্ধকার, 
ফুটে বাঁচিয়ে রাখার ভাত।
বাকরুদ্ধ বিবেক গ্যাস অম্বলে,
নিদ্রাহীন রাতের পরে রাত।।

সমাজ তবুও দাঁড়িয়ে আছে,
শুকনো শাখা-প্রশাখা সম্বল।
নির্ভীক চিত্তে ছুঁড়ছে ঢিল,
চিরকালের সেই আঠারোর ভম্বল।।


চলো যাই
                আনন্দ গোপাল গরাই


চলো যাই শহরের কোলাহল ছেড়ে
সবুজ সেই বনানীর মাঝে
সূর্যের আলো যেথা লুকোচুরি খেলে
পাতাদের সাথে
যেথা সকালের ঘুম ভাঙে পাখিদের ডাকে। 
চলো দুজনে বসি গিয়ে পাশাপাশি
সেই পাথর আসনে---যেখানে
পাহাড়ের গা বেয়ে নেমে আসে ঝর্নার বারিধারা
কুলুকুলু রবে---সুরের তরঙ্গ তুলে। 
চলো যাই হেঁটে সেই আলপথ দিয়ে
যেথায় হিলহিল করে মাথা নাড়ায়
কচি ধানের চারা সাপের ফণার মতো।
চলো যাই ফাঁকা সেই মাঠে
যেথায় কচি দূর্বাগুলি সবুজ গালিচা পেতে
জানায় অভ্যর্থনা পথিকদের। 
চলো যাই বসি সেই নদীর কিনারে
যেথা ছোট ছোট ডিঙিগুলি ভেসে বেড়ায়
ক্ষীণস্রোতা জলে, 
আনন্দে সাঁতার কাটে শিশুদের দল। যেথা কাশফুল মুগ্ধতায় চেয়ে থাকে
আকাশের শুভ্র মেঘ পানে। 
যেথা পুবের ডাঙায় আবির ছড়ায় গোধূলির আলো। 
চলো যাই একসাথে
হৃদয় জুড়ানো সেই প্রকৃতির বুকে! 
যেথায় দীঘির জলে ভেসে থাকে
তারাদের ছবি! 


দাম বেড়ে যায়
     - মাথুর দাস


দাম বেড়ে যায় লাগামছাড়া
যে কোনও অনুষ্ঠানে,
হোক পুজোপাঠ বা সামাজিক,
নেই তার কোনও মানে ।

আচারে নাচার মানুষ
জেরবার দামের ঠেলায়,
আবেগের যা বেগ দেখি
ওড়ে টাকা অবহেলায় ।

উড়ছে উড়ুক টাকা
যাদের আছে দু'নম্বরি,
খেটে-খাওয়া কষ্টে-থাকা
মানুষেরা যে কমজোরি !

বাজারে ব্যাজার মানুষ
হাজারও ভাঁওতাবাজি,
আছে কেউ তেমন কি আজ
রুখে দেয় ফাটকাবাজি ?


রুক্ষ মরুর দেশে
      - হামিদুল ইসলাম

 তবু ভাসি স্বপ্নের ভেলায়
সব স্বপ্ন হারিয়ে যায়
সব মায়া ছেড়ে যায়
ফেলে আসি প্রাচীন শৈশব। বিষণ্ণ কৈশোর   ।।

ঈশান কোণে ঝড়
ভাঙে নদী সমুদ্র সাগর মহাসাগর
হৃদয় ভাঙে
ভাঙনের আওয়াজ বারবার বেজে ওঠে বুকের ভেতর   ।।

সামনে তাকাই
পেছনে তাকাই
ঈষৎ মায়ায় পোড়ে অনন্ত কালবেলা
পুড়ে যায় দলিত জীবন। পুড়ে যায় হৃদয়ে জমানো অনাদি সম্বল  ।।

কথা দিই
কথা রাখি
কথার ফিনিক্স পেরিয়ে যায় শব্দের উপমহাদেশ
আমরা নিঃস্ব। নিঃস্ব জীবন হাতড়াই   ।।

পাতার কুটিরে বাঁধি ঘর
দেউলে আজও বোবা ঈশ্বর
বাসরে বন্দি জীবন 
জীবন হয়ে ওঠে রুক্ষ মরু। তবু মরুভূমে বেড়ে ওঠে বাঁচার সংগ্রাম  ।।


বর্ষার ফুল 
             - বাসুদেব সরকার 


বাদল দিনে গাছের ডালে 
কেয়া কদম ফুটে, 
ফুলের গন্ধে মৌমাছি ও 
প্রজাপতি ছুটে। 

দুপুর বেলায় দুপুরমনি 
ফুটে কুসুম বাগে, 
চালতা ফুলের সৌন্দর্যে যে  
হৃদয়ে প্রেম জাগে। 

বাদল দিনে গন্ধ বিলায় 
দোলনচাঁপা বকুল, 
সাদা রঙের কাশফুলে যে
ভরে নদীর দুকূল। 

নয়নতারা কলাবতী 
জুঁই কামিনী বেলি, 
বর্ষা জলে শাপলা শালুক 
ফোটে স্পাইডার লিলি। 

বৃষ্টি ভেজা বর্ষা ফুলের  
তীব্র মধুর গন্ধে, 
আকুল হয়ে ব্যাকুল হয় প্রাণ 
হৃদয় দোলে ছন্দে। 



 © All Rights Reserve To শৈল্পিক সম্প্রচার 


শৈল্পিক সম্প্রচার  https://www.facebook.com/ArtisticBroadcasting